বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণে কোনো বাধা না দেয়ার হুঁশিয়ারি দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক। স্বাস্থ্যমন্ত্রী বলেন− বঙ্গবন্ধুর সম্মানে দেশে যে ভাস্কর্য হবে তা নির্মাণে কোনো বাধা দিতে আসবেন না। বঙ্গবন্ধুর ভাস্কর্য এদেশের মাটিতে হবেই।
রোববার মিরপুরের লালকুঠি হাসপাতালে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। জাহিদ মালেক বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশের জন্য বছরের পর বছর কষ্ট করেছেন, জেল খেটেছেন। একমাত্র বঙ্গবন্ধুই পেরেছেন দেশকে স্বাধীন করতে। বেলুচিস্তান বা কাশ্মির এখনো স্বাধীনতা পায়নি। বঙ্গবন্ধু এদেশকে স্বাধীন করেছিলেন বলেই আপনারা আজ স্বাধীন দেশের নাগরিক।
পরিবার পরিকল্পনা সপ্তাহ পালন প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী জানান, অন্যান্য বছর ব্যাপক পরিসরে পরিবার পরিকল্পনা সপ্তাহ পালন করা হলেও এবছর কোভিডের কারণে কিছুটা সীমিত পরিসরে পালন করা হচ্ছে। তবে কোভিডের কারণে মানুষের স্বাস্থ্যসেবার কোনো ঘাটতি হতে দেয়া হয়নি। দেশের ১৪ হাজার কমিউনিটি ক্লিনিক সার্বক্ষণিক খোলা রয়েছে জানিয়ে তিনি বলেন, টিকাদান কর্মসূচি চলমান রয়েছে। ভ্যাকসিন আনার কাজও এগিয়ে যাচ্ছে।
এন্টিজেন টেস্ট প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী জানান, গতকাল (৫ ডিসেম্বর) অনলাইনে জুম মিটিং এর মাধ্যমে অংশ নিয়ে দেশের ১০ জেলায় একযোগে এন্টিজেন টেস্ট প্রক্রিয়া শুরু করা হয়েছে। এই টেস্টের মাধ্যমে মাত্র ১৫-৩০ সেকেন্ডেই রিপোর্ট পাওয়া যাবে। এর ফলে দেশে কোভিড পরীক্ষার আরেকটি নতুন ধাপ সংযোজিত হয়েছে। মানুষ এখন সচেতন হলে কোভিডের দ্বিতীয় ঢেউ সামলানো সহজ হবে বলেও মনে করেন জাহিদ মালেক।